কক্সবাজারের চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এক বিএনপিনেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার কর হয়। এসময় তাদের কাছ থেকে লুট করা ১২ হাজার টাকার মধ্যে সাড়ে ১০ হাজার উদ্ধার করা হয়। তবে তিন ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলঙ্কার এখনও উদ্ধার হয়নি।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে পৌরসভার অধীন থানা কার্যালয়ের অদূরে বাটাখালী হিন্দুপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
এদিকে আজ (রোববার) সকালে ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আরও পড়ুন : চকরিয়ায় গভীর রাতে প্রবাসীর ঘরে ডাকাতি
গ্রেপ্তাররা হলেন- চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩), কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো.নয়ন (৪৫)। নয়ন পৌরসভার ৫নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে ডাকাতির ঘটনায় বাড়ি ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে ডাকাতিতে সাতজন জড়িত থাকার সত্যতা নিশ্চিত হয়ে শুরুতে মো. হনিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
এমকেডি/আরবি


