কক্সবাজারের চকরিয়ায় পল্লী বিদ্যুতের তার জড়িয়ে মো. শাহেদ (২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
বুধবার (৭ মে) সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শাহেদ পেশায় নির্মাণ শ্রমিক। তিনি সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সাহারবিল পরিষদের রেলব্রিজ সংলগ্ন পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লাগোয়া স্থানীয় আবু ছৈয়দের বাড়িতে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। কাজ করার জন্য বাড়ির দ্বিতীয় তলায় উঠলে হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাতামুহুরী নদীতে পড়ে যান নির্মাণ শ্রমিক শাহেদ।
পরে স্থানীয়রা মাতামুহুরী নদী থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. এমরান গনি জানান, আমাদের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। কীভাবে তারে জড়িয়েছেন তদন্ত করে দেখা হবে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিক নিহতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থানার এসআই বাবুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পাঠানো হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


