চকরিয়ায় টানা অভিযানে চোর-ডাকাতসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী।
২২ ডিসেম্বর (রোববার) ও ২৩ ডিসেম্বর (সোমবার) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ডাকাত, গরুচোর, ছিনতাইকারী ও মলম পার্টির সদস্য রয়েছে।
আরও পড়ুন : ৩ গরুচোরকে গণধোলাই দিল জনতা
আটকরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গর্জনতলী এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. হামিদ হোসেন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়নগরপাড়ার মাহবুব আলমের ছেলে মো. জালাল আকবর (২৬), সাহারবিল ইউনিয়নের মাইজগোনা এলাকার রুবেল বাবুর্চির ছেলে আবদুল্লাহ আল মু. রাকিব (২২), একই এলাকার মৃত আবু শামার ছেলে সামশুল আলম (৪০), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামশুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম (৩২), চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে নুরুল আবছার (৩০) এবং টেকনাফ উপজেলার সামশুল আলমের ছেলে মো. ফিরোজ (৪৩)।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল কাদের ভুঁইয়া বলেন, টানা অভিযানে চোর-ডাকাতসহ ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এমকেডি/আরবি


