কক্সবাজারের চকরিয়ায় সাহারবিলের সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চকরিয়া কোর্ট সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ।
এর আগে অপর একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে ফিরছিলেন নবী হোছাইন চৌধুরী। চকরিয়া থানা পুলিশের সহায়তায় পথেই তাঁকে গ্রেপ্তার করে ঈদগাঁও থানা ডিবি পুলিশের একটি দল।
জানা যায়, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করে আসামিরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আলোকিত চট্টগ্রামকে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নবী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, গরু চুরি, পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি, খুনসহ ১৯টি মামলা রয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


