মিরসরাইয়ে গরুর জন্য জমি থেকে ঘাস কাটতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যান ধর্ষক আনোয়ার হোসেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিশুকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস পাঠানো হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত মো. আনোয়ার হোসেন (৩৫) হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ভুট্টু মিয়ার ছেলে।
ধর্ষণের শিকার ওই শিশুর মামা অভিযোগ করে বলেন, আমার ১১ বছর বয়সের ভাগনি আজ দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই ইউনিয়নের ইসলামপুর এলাকার আনোয়ার হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইসমাইল আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকেলে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএ/আলোকিত চট্টগ্রাম


