সাতকানিয়ায় ইয়াবা, বিদেশি রিভলবার, কার্তুজ ও কার্তুজের খোসাসহ মো. জানে আলম (৪০) নামে এক যুবক ধরা পড়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাইয়ানগর চাটগাঁপাড়ার লায়লা বর বাড়ি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। গ্রেপ্তার জানে আলম ওই এলাকার ছালেহ আহমদের ছেলে।
জানা যায়, চাটগাঁপাড়ায় জানে আলমের বাড়ি থেকে ইয়াবার চালান বেচাকেনার গোপন সংবাদ পায় সাতকানিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী। পরে তারা ওই স্পটে গিয়ে জানে আলমকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১টি পুরাতন বিদেশি রিভলবার, ১টি কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি রিভালবারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


