কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী হাসান একই এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে।
জানা যায়, বুধবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী হাসানের বাড়ির গেইট ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই তারা হাসানের স্ত্রী মুনকির বেগম এবং সাতকানিয়া থেকে বেড়াতে আসা তার ছোট বোন পিংকি আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। পরে তাদের গলায় থাকা সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এরপর ঘরের আলমারির তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় লাখ টাকা লুট করে।
জানতে চাইলে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে ভুক্তভোগীসহ স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


