সাতকানিয়ায় গলায় ছুরি ধরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। এ সময় ওই কর্মকর্তা মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই সাতকানিয়া থানায় মামলা হয়েছে।
গ্রামীণ ব্যাংক কাঞ্চনা শাখার ব্যবস্থাপক মো. ফোরকান বলেন, আমাদের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী মাসিক কিস্তি সংগ্রহ শেষে অটোরিকশায় ব্যাংকে ফিরছিলেন। সেই অটোরিকশায় যাত্রী সেজে পাশে বসা ছিল তিনজন ছিনতাইকারী। অটোরিকশাটি নির্জন এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে তাঁর কাছে থাকা মাঠ থেকে সংগ্রহ করা ৩ লাখ টাকা এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন (আইফোন) ছিনিয়ে নেয়। পরে তাকে অটোরিকশা থেকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ফোরকান বাদী হয়ে ৩ জনকে অজ্ঞাত আসামি করে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


