গরু চোরকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা

আনোয়ারায় এক গরু চোরকে পিটিয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা। গণপিটুনিতে মারা যাওয়া যুবকের নাম  করিম উদ্দিন (৩৭)।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটনীকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

করিম উদ্দিন বাঁশখালী উপজেলার জলদি ৫নং ওয়ার্ডের কালুমিয়ার বাড়ীর বাসিন্দা বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, স্থানীয় নুর মোহাম্মদের বাড়িতে গরু চোরের দল হানা দেয়। সকাল ৬টার দিকে চোরের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দেয় পরিবারের সদস্যরা। ধাওয়া খেয়ে দুজন চোর পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর গণপিটুনিতে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে জানতে নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি তার (করিম উদ্দিন) মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, চুরির দায়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm