পটিয়ায় খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা মো. আইয়ুব আলী প্রকাশ বুইন্যা (৫৫)। এই খুনের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আইয়ুব আলী প্রকাশ বুইন্যার ছেলে ফাহিম।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আইয়ুবকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া স্বপ্ন মসজিদের ঈদগাহ এলাকায় ইয়াবা সংক্রান্ত বিরোধ নিয়ে মামুন ও ফাহিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফাহিম। গুরুতর আহত মামুনকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মামুন দুই বছর আগে ওমান থেকে দেশে ফিরে রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি ডেঙ্গাপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
এদিকে খুনের ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিহতের স্ত্রী আখি আকতার বাদী হয়ে পটিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ফাহিমকে প্রধান আসামি করার পাশাপাশি আসামি করা হয় তার বাবা বিএনপি নেতা মো. আইয়ুব আলী প্রকাশ বুইন্যাকেও।
স্থানীয় সূত্রে জানা যায়, দূর্ধষ ছিনতাইকারী ফাহিম যুবলীগ ক্যাডার লিটন বড়ুয়ার অনুসারী হিসেবে পরিচিত। পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় লিটন বড়ুয়ার সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এলাকায় ছিনতাই, অপহরণসহ নানা অপরাধে জড়িত ফাহিম।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে মামুনকে ছুরিকাঘাত করে ফাহিম। ফাহিম পটিয়ার দুর্ধর্ষ ছিনতাইকারী ও অপরাধী। শনিবার এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর আজ সন্ধ্যায় মামলার এজহারভুক্ত আসামী ও সন্ত্রাসী ফাহিমের বাবা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (২২ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। এ মামলায় প্রধান আসামি ফাহিমসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম

