৮ বছরের মেয়েকে নিয়ে কেন খালে ঝাঁপ দিলেন মা?

আনোয়ারায় ৮ বছরের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন মা। এতে মা জান্নাতুল ফেরদৌস (৩২) বাঁচলেও মারা গেছে মেয়ে রাইছা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এ ঘটনা ঘটে।

শিশু রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদ বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। ২ ছেলে ও এক মেয়ের মধ্যে রাইছা সবার ছোট। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা দপাড়ার আব্দুল লতিফের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের শ্বশুরবাড়ির মহিম জানান, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে যেতে বের হয় জান্নাতুল ফেরদৌস। খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই, রাইছা মনি মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তবে জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, শাশুড়ির অত্যাচারে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যানচালকের কাছে খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুছার্রাত জানান, পরীক্ষা-নিরীক্ষার পর মেয়েটির মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়া যায়। মেয়ের মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

যোগাযোগ করা হলে আনোয়ারা সার্কেলের এএসপি সোহানুর রহমান সোহাগ আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। আর মা’কে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm