খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

চারদিকে শুধু মানুষ আর মানুষ। রাজধানীর জাতীয় সংসদ, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ঘিরেই এই জনসমুদ্র।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে দলে দলে জড়ো হতে থাকে মানুষ। জানাজার লাইন সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একদিকে বিজয় সরণি হয়ে কারওয়ান বাজার পর্যন্ত ছাড়িয়েছে। অন্যদিকে ছাড়িয়েছে আগারগাঁও পর্যন্ত। বেলা আড়াইটায় যখন এ রিপোর্ট লেখা হচ্ছে তখনও বাড়ছে ভিড়।

এর আগে বেলা পৌনে ১২টায় গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশেে এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকাকে ভাগ করা হয় কয়েকটি নিরাপত্তা জোনে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm