তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শুক্রবার (২ জানুয়ারি) ছিল জনতার ঢল। বিভিন্ন সংগঠনের ব্যানারেও আসেন নেতাকর্মীরা।
এদিকে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রাও এদিন কবর জিয়ারত করেন। তখন কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ ছিল। পরে উন্মুক্ত করা হয়।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে। ছোট ছোট মিছিল নিয়ে তারা জিয়া উদ্যানে প্রবেশ করেন। এরপর শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
প্রসঙ্গত, খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হয় শুক্রবার। আজ দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শায়িত করা হয় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে।
আলোকিত চট্টগ্রাম

