কক্সবাজারের চকরিয়ায় কুরিয়ার সার্ভিসের অফিস থেকে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথার জননী কুরিয়ার সার্ভিসে এই অভিযান চালানো হয়।
উদ্ধার করা যৌন উত্তেজক ওষুধের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব।
জানা যায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন, বৈধ কাগজপত্র ও মান নিয়ন্ত্রণ ছাড়াই তৈরি করা এসব ওষুধ কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে পিকআপ ভ্যানযোগে মহেশখালী নতুন বাজারের নুর হোসেনের মালিকানাধীন মায়ের দোয়া ফার্মেসিতে নিয়ে যাওয়া হচ্ছিল।
জব্দ করা ওষুধের অধিকাংশই নিবন্ধনবিহীন। আমদানির বৈধ কাগজ ছাড়াই বাজারজাত করা হয়েছে। এসব ওষুধ সেবনে মানুষের হৃদরোগ, কিডনি বিকলসহ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব আলোকিত চট্টগ্রামকে বলেন, কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে কতিপয় চক্র অবৈধ ও ক্ষতিকর এসব ওষুধ সরবরাহ করেছে। এসব ওষুধ জনস্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। অভিযানের সময় ওষুধের মালিকানা দাবি করার কেউ ছিল না। তাই শুধুমাত্র ওষুধগুলো জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কুরিয়ার সার্ভিসের কেউ এই অবৈধ ওষুধ বাণিজ্যে সম্পৃক্ত রয়েছে কিনা তদন্ত করে দেখা হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
