কালো রঙের মাইক্রোবাসে অস্ত্র নিয়ে যাচ্ছিল ২ যুবক

সীতাকুণ্ডে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে আটটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজার এলাকার চেকপোস্টে একটি কালো রঙের মাইক্রোবাস থেকে ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশি তৈরি রাইফেল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বরিশাল জেলার বিমানবন্দর থানার কাশীপুর এলাকার মনির হোসেন (৪৫) ও নোয়াখালীর চাটখিল থানার রামনারায়ণপুর ইউনিয়নের পাঁচঘরিয়া এলাকার মনির হোসেন (৪৮)।

আরও পড়ুন : চকরিয়া থেকে অস্ত্র-গুলি নিয়ে ডাকাতি করতে আসা সোহেল ধরা খেল লোহাগাড়ায়

এদিকে আজ (৩ মে) দুপুরে নগরের ষোলশহর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল।

তিনি বলেন, গত শুক্রবার বিকেলে কক্সাবাজারের মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস নোয়াখালী যাচ্ছিল। সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে গাড়ি তল্লাশি চলার সময় কালো রঙের ওই মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। এসময় গাড়িটি পালানোর চেষ্টা করলে পুলিশ আটক করে।

তিনি আরও বলেন, পরে আটক গাড়িচালক ও তার সহযোগী জিজ্ঞাসাবাদে জানায়, তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গায় বেশকিছু অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাদের দেওয়া তথ্যে গাড়িতে লুকিয়ে রাখা ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশি রাইফেল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো মহেশখালী থানা এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নোয়াখালী নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm