পটিয়ায় গৃহবধূ শিউলি বেগম খুনের পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়াকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
আজ (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭।
আরও পড়ুন : চট্টগ্রামে গোপন অস্ত্রের আস্তানা ভাবিয়ে তুলেছে পুলিশকে
গ্রেপ্তার মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের মো. আব্দুল হকের ছেলে। তিনি এ মামলার চার নাম্বার আসামি।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়িতে নিহত গৃহবধূর ছেলের সঙ্গে প্রতিবেশী বাচা মিয়ান ছেলের ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জেরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহত গৃহবধূর স্বামী মো. মুছা বাদী হয়ে ১৫ ডিসেম্বর পটিয়া থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার মুন্সি মিয়াকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কেএ/আরবি


