কর্ণফুলীতে ‘আলোচনায়’ আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদের গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ।

একটি সূত্র জানিয়েছে, নুর মোহাম্মদ শিকলবাহা মাস্টারহাট মসজিদে নামাজ শেষে মইজ্জ্যারটেক মোড়ের একটি ওয়ার্কশপে গাড়ির চাকার কাজ করাতে গিয়েছিলেন। কারণ তিনি বর্তমানে গাড়ি চালান।

অপর একটি সূত্র জানিয়েছে, নুর মোহাম্মদ আওয়ামী লীগের পদ-পদবিতে থাকলেও সংগঠনে তেমন সক্রিয় ছিলেন না। বরং তিনি পুলিশের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এবং সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়াতেন। তাঁর বাড়ি শিকলবাহা ফাঁড়ির ঠিক সামনেই।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট শিকলবাহা ফাঁড়ির নিরাপত্তায় দায়িত্ব পালনে সহযোগিতা করেছিলেন নুর মোহাম্মদ। ওই সময় পুলিশ পিছু হটলেও নুর মোহাম্মদ সরকারি সম্পদ রক্ষায় এগিয়ে এসেছিলেন।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার নুর মোহাম্মদকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, আমি যোগদান করেছি কয়েক মাস আগে।

এদিকে কোন অভিযোগে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

অপরদিকে স্থানীয়রা বলছেন, নুর মোহাম্মদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার গোষ্ঠীর মৃত আলী আহমদের সন্তান। তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাঁকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায়নি।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm