আগামীকাল (১০ এপ্রিল) থেকে চট্টগ্রামসহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বেশকিছু নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (৯ এপ্রিল) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ১০ এপ্রিল হতে চট্টগ্রাম মহানগরীর ৫০টি (পঞ্চাশ) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত এবং পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নস্বাক্ষরকারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছি।
আরও পড়ুন : ফেসবুক লাইভে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীর চ্যালেঞ্জ—যা বলল সিএমপি
এ আদেশ আগামী ১০ এপ্রিল তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। চলতি বছর পরীক্ষার্থী সংখ্যা কমেছে ৪ হাজার ৬৬৩ জন। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ১৬২ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৬৫ জন ছাত্র।
আরবি/আলোকিত চট্টগ্রাম


