এক প্রার্থী নিজেই নিজের প্রস্তাবকারী, আরেকজন ঋণখেলাপি

চট্টগ্রাম-১৩ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

যাচাই-বাছাইয়ের পর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে দুই প্রার্থীর। তবে বৈধ ঘোষণা করা হয়েছে ৭ প্রার্থীর মনোনয়ন।

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও আসনটির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী হলেন— বিএনপি নেতা আলী আব্বাস এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, আলী আব্বাস নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে দাবি করলেও দলের পক্ষ থেকে তাঁর মনোনয়নপত্র দাখিল করা হয়নি। এছাড়া তিনি নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় তাঁর মনোনয়নপত্রটি বিধিসম্মত না হওয়ায় বাতিল করা হয়। অন্যদিকে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

এর আগে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন— বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm