আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইয়াছিন (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।
রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পেশায় চা দোকানের শ্রমিক ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলে কাজ করতেন। আজ সকাল ১০টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোনো সন্ধান পায়নি। পুকুর ঘাটে পড়ে ছিল তার স্যান্ডেল, কাপড় ও সাবান। পরে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। বেলা ১২টার দিকে এসে তারা উদ্ধারকাজ শুরু করে। ১টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মরিয়ম হোটেলের মালিক জাফর সওদাগর আলোকিত চট্টগ্রামকে বলেন, এক বছর ধরে ইয়াছিন আমার চায়ের দোকানে কাজ করছে। প্রতিদিনের মতো সে সকালে হাসপাতালের পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি রামু উপজেলায় বললেও ওর পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। তাই এখানো মৃত্যুর খবর পরিবারকে জানানো সম্ভব হয়নি।
এদিকে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুকুর ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে উদ্ধার অভিযান শুরু করি। অভিযানে পুকুর থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরিবারের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। সন্ধান পেলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


