সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে একটি স্পিডবোট দুর্ঘটনায় মা ও কন্যা শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ, শিশুসহ ৭ জন যাত্রী ছিলেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল ঢেউয়ে স্পিডবোট দুর্ঘটনা ঘটে।
স্পিডবোট চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে স্পিডবোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।
শাহপরীর দ্বীপের বোট মালিক সুলতান মাঝি জানান, সেন্টমার্টিন থেকে আসা একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার শিকার স্পিডবোটটিতে মোট ৭ জন যাত্রী ছিল। পরে আশপাশের নৌযান ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহত মা ও শিশু দুজনই স্থানীয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী বলেন, স্পিডবোট দুর্ঘটনার শিকার নারী, শিশুসহ ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং তার মেয়ে মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
আহত অপর দুইজন বর্তমানে সুস্থ আছেন। অতিরিক্ত পানি ঢুকে শ্বাসরোধের কারণে মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আহত অন্য যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিডি/আলোকিত চট্টগ্রাম


