কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজা পাওয়া দুজন হলেন— উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।
রায়ে রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়।
পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে। এ ব্যাপারে রামু থানায় ডিবির ওই সময়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে মামলা করেন। এ ঘটনায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে আদালত বিচার কার্যক্রম শুরু করে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ১ জনকে খালাস, ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা দিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।
পিপি বলেন, বিচারকার্য চলাকালে ৫ জনই নানাভাবে জামিন নেয়। এরপর ৪ জন পলাতক ছিল। রায় ঘোষণার শুধু সময় খালাস পাওয়া আসামি আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
বিডি/আলোকিত চট্টগ্রাম


