আনোয়ারায় দিনদুপুরে রুহুল আমিন (৩৫) নামে কেইপিজেডের এক শ্রমিককে ছুরিকাঘাতে রক্তাক্ত করেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টার দিকে সদর এলাকার সাদ মুসা ইন্ড্রাস্টির সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, আহত রুহুল আমিন ভোলা জেলার বাসিন্দা। তিনি মৃত নুরুল ইসলামের ছেলে। আনোয়ারা কেইপিজেডের একটি কারখানায় স্টোর কিপার হিসেবে তিনি কর্মরত আছেন। তিনি বৈরাগ এলাকার চায়না রোডে ভাড়া বাসায় থাকেন।
আরও পড়ুন : চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন—৩ শিশুসহ পুলিশের জালে ৭
পুলিশের ধারণা আহত ব্যক্তি ব্যাংকে গিয়েছিলেন। ওই টাকা লুট করতে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। এছাড়া তাঁকে চেতনানাশক পাউডার দিয়ে অজ্ঞান করা হয়।
যোগাযোগ করা হলে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জেনিফা আলোকিত চট্টগ্রামকে বলেন, ছুরিকাঘাতে আহত কেইপিজেডের এক শ্রমিককে আনা হয়েছিল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার যতীস বলেন, রাস্তার পাশ থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে উদ্ধার করা হয়েছে। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
কাঞ্চন/আরবি


