আনোয়ারায় জুনের মধ্যেই নির্মিত হবে খাদ্যগুদাম, বললেন উপদেষ্টা

আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্যগুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি প্রকল্প পরিদর্শনে যান। এ সময় তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জোর দেন উপদেষ্টা।

প্রকল্প সূত্রে জানা যায়, নতুন খাদ্যগুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি প্রজেক্টে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় তিনটি খাদ্যগুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আনোয়ারায় ১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন একটি খাদ্যগুদাম আছে, আরও ৫শ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি হয়েছে। আশাকরি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং আনোয়ারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm