আনোয়ারায় রাতের আঁধারে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরি গ্রামের ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন- ক্ষতিগ্রস্ত পরিবারের জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪) ও শান্তা দত্ত (৩৫)। এছাড়া প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।
আরও পড়ুন : আনোয়ারায় মা-মেয়ে-ছেলেসহ ৫ গরু চোরকে ধাওয়া করে ধরল জনতা
ভুক্তভোগী বিজয় দত্ত বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাদের ওপর দিয়ে ঘরে ডুকে ডাকাতদল। আশপাশের প্রতিটি ঘরের সামনে দাঁড়ানো ছিল ডাকাতদলের সদস্যরা। সংখ্যায় প্রায় ১৫-২০ জন হবে। সবার কাছে ছিল চাপাতি, পিস্তলসহ বিভিন্ন অস্ত্র। ডাকাতেরা ঘরে ডুকে নারী-পুরুষ সদস্যদের ওপর হামলা করে। পরে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় প্রতিবেশীদেরও ওপর হামলা করে।
এদিকে আজ (৫ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
এ বিষয়ে আনোয়ারা থানর অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা মনে হচ্ছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঞ্চন/আরবি


