আগুনে পুড়ল আড়াই হাজার মুরগি, খামারির অভিযোগ ফায়ার সার্ভিসে

মিরসরাইয়ে আগুন পুড়ে মারা গেছে আড়াই হাজার ব্রয়লার মুরগি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারির। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিনের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘট।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, ৫ দিন আগে ২ হাজার ৫শ মুরগির বাচ্চা খামারে আনি। আজ সকালে খামারে কাজ শেষ করে বাড়ি চলে যাই। দুপুরের দিকে এলাকার কয়েকজন জানান, আমার খামারে আগুন লেগেছে। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুগগির বাচ্চা ও খাদ্য পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।

তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার উপর মুরগির শেড স্থাপন করেছি। সেই শেডে কাজী ফার্ম থেকে বকেয়া আড়াই হাজার মুরগির বাচ্চা আনি। খাবার এবং ওষুধও কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা৷ এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। এতে আমার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন নবী আলোকিত চট্টগ্রামকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

দেরিতে যাওয়ার অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দুর্গম পথ হওয়ায় যেতে একটু সময় লেগেছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm