আইস—ইয়াবা, ২ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ৪ কেজি আইস ও ১ লাখ ইয়াবা রাখার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন— কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মৃত কাদের বকসুর ছেলে আবদুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথিতে জানা যায়, ২০২২ সালের ১৬ জুন হ্নীলা ইউনিয়নের সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তি মিয়ানমারের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছিলেন। এ সময় বিজিবির টহল দলকে দেখে তারা দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ আবদুর রহমান ও মোহাম্মদ নুরকে আটক করেন। পরে উদ্ধার করা বস্তা দুটির একটিতে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় টেকনাফ বিজিবির নায়েক মো. আনোয়ারুল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর সাক্ষীদের জবানবন্দী, জেরা, আলামত উপস্থাপন, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা এবং যুক্তিতর্কসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm