গুরুতর অসুস্থ সাংবাদিক এসএম হান্নান শাহর পাশে দাঁড়ালেন কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এসএম হান্নান শাহর চিকিৎসার জন্য তাঁর স্ত্রী ও মেয়ের হাতে নগদ অর্থ তুলে দেন ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এমআর মাহমুদ, সাংবাদিক এম মনছুর আলম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম।
সাংবাদিক এসএম হান্নান শাহর স্ত্রী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার স্বামী বেশ কিছুদিন ধরে জটিল রোগে ভুগছেন। আর্থিক দুরবস্থার কারণে ভালোমতো চিকিৎসা করা হয়নি। কয়েকদিন থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এমন অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বামীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এমন অবস্থায় আর্থিক সাহায্যের খুব প্রয়োজন। আজ দুপুরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। একইসঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
যোগাযোগ করা হলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন আলোকিত চট্টগ্রামকে বলেন, এসএম হান্নান শাহ খুব মানবিক একজন সংবাদকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ওনার অসুস্থতার খবর পেয়ে পরিবারকে ডেকেছি। ওনার খোঁজখবর নিয়েছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি সহায়তা করেছি। সবাইকে সাংবাদিক এসএম হান্নান শাহর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


