লোহাগাড়ায় মধ্যরাতে অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাত দেড়টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কক্সবাজার জেলার মহেশখালী থানার সাপমারা ডেইল ৯ নম্বর ওয়ার্ডের ধলঘাটার মৃত আছত আলীর ছেলে জিয়াবুল হক (২৫) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকার ছমির উদ্দিনের ছেলে মো. সাকিব (১৯)।
আরও পড়ুন : সাতসকালে অস্ত্র বেচতে মইজ্জ্যারটেক যাচ্ছিল ২ যুবক, বাঁশখালীতে ধরা
পুলিশ জানায়, চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে দুই ব্যক্তি অবস্থানের খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে থাকা একটি দেশি এলজি, ৩ রাউন্ড ৭ দশমিক ৬২ রাইফেলের গুলি, একটি সাদা কাপড়ের শপিং ব্যাগের ভেতর ১টি লোহার রড ও ১টি রড কাটার হেস্কু ব্লেডের মেশিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, অস্ত্র, গুলি, ডাকাতির সরঞ্জামসহ জিয়াবুল হক ও সাকিব নামে দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, অপরাধ কাজে ব্যবহার করার জন্য অস্ত্রশস্ত্র হেফাজতে রেখেছে। আটক জিয়াবুলের নামে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং চুরির মামলা রয়েছে।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আজ (২০ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এসএস/আরবি


