অস্ত্রসহ রবিউল আটক পেকুয়ায়, হৃদয় মইজ্জারটেকে

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক থেকে আটক করা হয় আরেক যুবককে।

রোববার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনের দিকনির্দেশনায় এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায়। এ সময় চকরিয়ার বদরখালী এলাকা থেকে চট্টগ্রামগামী অটোরিকশায় রবিউল হাসান (১৮) নামের এক যুবককে আটক করা হয়। তার নেভি ব্লু রঙের স্কুলব্যাগ থেকে কম্বলে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হৃদয় হোসেনকে (২২) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় আটক করা হয়।

রবিউল হাসান লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদরের ৮ নং ওয়ার্ডের লামছড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে। হৃদয় হোসেন একই জেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার ইলিয়াছ হোসেনের ছেলে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, অস্ত্রগুলো চকরিয়ার বদরখালী থেকে সংগ্রহ করে অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রির জন্য তারা লক্ষ্মীপুর জেলায় নিয়ে যাচ্ছিল।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm