অবশেষে জামিনে মুক্ত বাবুল আক্তার

অবশেষে জামিনে মুক্ত হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। স্ত্রী মিতু হত্যা মামলায় তিন বছর সাত মাস ধরে তিনি কারাবন্দী ছিলেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এর আগে বাবুল আক্তারের জামিনের খবরে গণমাধ্যমকর্মীসহ বাবুল আক্তারের স্বজনরা কারাগারের ফটকের সামনে ভিড় জমান।

জেলগেটে বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, হাইকোর্টের জামিন আদেশ এবং আদালতের জামিন পরোয়ানা পাঠানোর পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। এরপর আমি লিগ্যাল নোটিশ পাঠালেও গ্রহণ করেনি। পরে ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে পাঠায়। কিন্তু তারপরও কোনো উত্তর পায়নি। আদেশ অমান্য করে কর্তৃপক্ষ আদালত অবমাননা করেছে। এ ঘটনায় বাবুল আক্তার মামলাও করতে পারবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : ‘এসপি’ বাবুল আক্তারের সাড়ে ৩ বছরের প্রতীক্ষার অবসান

এদিকে গত ২৭ নভেম্বর দুপুরে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। এদিন বাবুলের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম।

এরপর গত ২৮ নভেম্বর বাবুলের শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। আজ (বুধবার) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত বাবুলের জামিন বহালের আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় ছিলেন। পরে স্ত্রীকে খুনের ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm