চট্টগ্রামের লোহাগাড়ায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেছে মো. শোয়াইব (২১) নামে এক বাইক আরোহীর। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
মো. শোয়াইব উপজেলার আধুনগর ইউনিয়নের বেপারিপাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন : মেরিন ড্রাইভে মোটরসাইকেলে লাশ কলেজছাত্র
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী বাইক আরোহী দুজন উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় হঠাৎ দুজন গাড়িতে থেকে ছিটকে পড়ে যান। এসময় কক্সবাজারমুখী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক চালক। এছাড়া অপরজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাক চালক চালিয়ে গেছে।
এসএস/আরবি


